Print

SomoyKontho.com

ভোটের দিন বেনাপোল-পেট্রাপোল দিয়ে যাত্রী চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরের দিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এই রুটে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ঝড়-বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা করোনাভাইরাস মহামারির সময়ও এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই প্রথমবারের মতো পুরোপুরিভাবে ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন,  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি তার দফতরে পৌঁছেছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সারাদিন বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার ভোর ৬টার পর থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় যাত্রী পারাপার শুরু হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com