Print

SomoyKontho.com

মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ধর্ম: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৬ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
“রাজনীতি কিংবা অন্য যেকোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৩ মার্চ) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বেচ্ছাসেবীদের মানবিক কাজে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’।

 

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, আনন্দ মোহন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি নিয়মিত রক্তদান করেছেন এবং রোটার‍্যাক্ট ক্লাবের মতো সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় কাজ করেছেন। প্রত্যন্ত অঞ্চলে এমন একটি সংগঠনের মানবিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্তের রং লাল। তাই কে কোন দলের, সেটি নয়—কে মানুষের জন্য কাজ করছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি ভবিষ্যতে সংগঠনটির মানবিক কার্যক্রমে ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসনকে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করার নির্দেশ দেন।
যুব সমাজকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করে তিনি বলেন, রক্তদানের পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের মতো সেবামূলক কর্মকাণ্ডে সম্প্রসারিত করা উচিত। একইসঙ্গে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার ও এনসিপির সমন্বয়ক আবু কাওসার।

 

বক্তারা কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা লাল-সবুজ টি-শার্ট পরে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে ডেপুটি স্পিকারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকেও তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে তরুণদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা এবং মানবিক সমাজ গড়ার প্রত্যয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com