Print

SomoyKontho.com

কৃষ্ণ হাজং এখন সুস্থ—মায়ের ত্যাগ আর কায়সার কামালের মানবিকতার জয়

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৬ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নেত্রকোনা প্রতিনিধি:

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অবশেষে সুস্থ হয়ে নতুন জীবনের পথে হাঁটছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের কৃষ্ণ হাজং। সফল কিডনি প্রতিস্থাপনের পর বুধবার (২৫ মার্চ) রাজধানীর পিজি হাসপাতাল(বিএসএমএমইউ) থেকে ছাড়পত্র পেয়ে বাড়ির পথে রওনা হয়েছেন তিনি।
কৃষ্ণ হাজং ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা-মা, স্ত্রী ও এক কন্যাকে নিয়ে তার সংসার চলছিল কষ্টে-সৃষ্টে। হঠাৎ করেই জানা যায়, তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। প্রথমে ময়মনসিংহ, পরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়ে। অর্থের অভাবে নিয়মিত ডায়ালাইসিস বন্ধ হয়ে গেলে গত বছরের মে মাসের শেষদিকে একপ্রকার মৃত্যুর প্রহর গুনতে গুনতে বাড়ি ফিরে আসেন তিনি।

 

এমন সংকটময় মুহূর্তে কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়ান নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক দায়বদ্ধতা থেকে তিনি কৃষ্ণের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার সরাসরি তত্ত্বাবধানে গত ১৮ জুন থেকে ঢাকার পিজি হাসপাতালে নতুন করে চিকিৎসা ও ডায়ালাইসিস শুরু হয়।চিকিৎসকরা জানান, কৃষ্ণকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো বিকল্প নেই। ছেলের জীবন বাঁচাতে এগিয়ে আসেন তার মা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন।
দীর্ঘ আট মাস চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ২ মার্চ পিজি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয় কৃষ্ণ হাজংয়ের কিডনি প্রতিস্থাপন। পুরো চিকিৎসা প্রক্রিয়ার ব্যয়ভার বহন এবং সার্বক্ষণিক তদারকি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কৃষ্ণের মা অশ্রুসিক্ত নয়নে ব্যারিস্টার কায়সার কামালকে আশীর্বাদ করেন, তার স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার বিনয়ের সঙ্গে তাদের বিদায় জানান।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমি কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবার কাছে অনুরোধ, আমরা সবাই দোয়া করি—কৃষ্ণ হাজং যেন সুস্থ থেকে তার পরিবারের দায়িত্ব নিতে পারেন।”
একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ, আর একজন নেতার মানবিক উদ্যোগ—এই দুইয়ের সমন্বয়ে নতুন জীবন পেয়েছেন কৃষ্ণ হাজং। ঘটনাটি শুধু একটি পরিবারের জন্য আশীর্বাদ নয়, বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com