দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।